ঢাকা ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে লাশ উদ্ধার করে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। তার উপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান।
ওসি নাজমুল জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরানোর পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএনআই
প্রধান সম্পাদক ও প্রকাশক : রুহিন আহমদ ।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম