ঢাকা ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। কোরবানির ঈদকে সামনে রেখে নতুন করে জাল নোট ছাপানোর প্রস্তুতির সময় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জাল নোট কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উত্তরায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় আরও একটি অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
অভিযানকালে সেখান থেকে প্রায় ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট, উন্নতমানের প্রিন্টিং সরঞ্জাম, বিশেষ কাগজ, রঙ ও জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।