ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়াল এনবিআর, ৩০ জুন পর্যন্ত সুযোগ

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়াল এনবিআর, ৩০ জুন পর্যন্ত সুযোগ

বাণিজ্য ডেস্ক:আগামী জুলাই থেকে বাধ্যতামূলক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল কার্যক্রম চালুর প্রস্তুতির অংশ হিসেবে ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বে কাগজভিত্তিক (হার্ড কপি) ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

রবিবার (৭ জুন) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানিয়েছে, পুরোনো হার্ড কপি রিটার্নগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণের সুবিধার্থে ই-ভ্যাট ব্যবস্থায় ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে নতুন সাব-মডিউল চালু করা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান তাদের রিটার্ন অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করেনি।

এ কারণে ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

রাজস্ব বোর্ড সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন অনলাইনে অন্তর্ভুক্ত না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০২৬ সালের মে মাস পর্যন্ত ক্লোজিং ব্যালেন্স স্থগিত (ফ্রিজ) করা হতে পারে। ফলে ভবিষ্যতে ওই ব্যালেন্সের বিপরীতে কোনো সমন্বয়ের সুযোগ থাকবে না।

এছাড়া ভ্যাট রিফান্ড পেতে হলে পূর্ববর্তী সব ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে আপলোড করা বাধ্যতামূলক বলে জানিয়েছে এনবিআর।

রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এ সংক্রান্ত আরও সংবাদ