ঢাকা ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
রুহিন আহমদ:-বিশ্ব মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে। “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখর হয়ে উঠেছে সৌদি আরবের মিনা প্রান্তর। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসলমান ইহরামের শুভ্র পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের এক অপার্থিব দৃশ্য সৃষ্টি করেছেন।
গতকাল রোববার এশার নামাজের পর থেকেই হাজিরা ধাপে ধাপে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সাদা পোশাকে আবৃত নারী-পুরুষের এই স্রোত যেন মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মত্যাগের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে। মিনার বিশাল তাঁবুনগরীতে অবস্থান করে হাজিরা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর জন্য নিজেদের প্রস্তুত করছেন।
ইসলামী বিধান অনুযায়ী মিনায় অবস্থানকালে হাজিরা জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজের ফজর নামাজ জামায়াতের সঙ্গে আদায় করবেন। এই সময়টুকু ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে অতিবাহিত করেন তারা।
আগামীকাল ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে—যেখানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন ‘ওকুফে আরাফা’। সেখানে হজের খুতবা শোনার পর সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন তারা। পরে মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাতযাপন করবেন।
এরপর শুরু হবে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও সাফা-মারওয়া সায়ির আনুষ্ঠানিকতা। বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মাহর এই মহিমান্বিত ইবাদত।
পবিত্র হজ শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি ত্যাগ, ধৈর্য, সংযম ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। হজের প্রতিটি ধাপ মুসলমানদের মনে করিয়ে দেয় হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর অসীম ত্যাগের ইতিহাস।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবহন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় এবারের হজকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লির একসঙ্গে উচ্চারিত “লাব্বাইক” ধ্বনিতে আজ যেন নতুন করে জেগে উঠেছে পুরো মিনা। মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে শুরু হলো পবিত্র হজের মহাসফর।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।