ঢাকা ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:-সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের ফাঁদ—শেষ পর্যন্ত মানবপাচারের শিকার হতে যাচ্ছিলেন শেরপুরের তরুণী শিমুল ইসলাম (২০)। দীর্ঘ নাটকীয়তার পর র্যাবের যৌথ অভিযানে তাকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুল ইসলাম শেরপুর জেলার সদর থানার চরবশিয়া এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে টিকটকের মাধ্যমে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে শিমুলকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ, মেয়েকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শেষে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল। হঠাৎ মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন।
ঘটনার তদন্তে নেমে র্যাব জানতে পারে, শিমুলকে সুনামগঞ্জের একটি এলাকায় আটকে রাখা হয়েছে। এরপর র্যাব-৯ এবং র্যাব-১৪ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। অভিযানে জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
র্যাবের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি চক্র তরুণ-তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও মানবপাচারের মতো অপরাধে জড়িত হচ্ছে। বিশেষ করে টিকটকসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অপরাধীরা সহজেই সম্পর্ক গড়ে তুলে কৌশলে ভুক্তভোগীদের নিয়ন্ত্রণে নিচ্ছে।
উদ্ধার হওয়া তরুণী বর্তমানে পরিবারের জিম্মায় রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রমের প্রতি আরও সচেতন নজর রাখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে সতর্ক থাকা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।