হোয়াইট হাউসের বাইরে গুলির লড়াই: সন্দেহভাজন বন্দুকধারী নিহত

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

হোয়াইট হাউসের বাইরে গুলির লড়াই: সন্দেহভাজন বন্দুকধারী নিহত

নিজস্ব প্রতিনিধি:-যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে গোলাগুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারীও। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ছয়টার কিছু আগে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের কাছে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউ এলাকায় এই গুলির ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, ২১ বছর বয়সী নাসির বেস্ট নামের ওই যুবক নিজের ব্যাগ থেকে একটি রিভলভার বের করে আচমকা গুলি ছুড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। তবে গুলিবিনিময়ের সময় একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, নিহত নাসির বেস্ট আগে থেকেই সিক্রেট সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশ বিভাগের নজরদারিতে ছিলেন। তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার তথ্যও নথিভুক্ত ছিল। ২০২৫ সালের জুলাই মাসে তিনি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসাধীন ছিলেন।

গুলির শব্দ শোনার পর হোয়াইট হাউসের ভেতরে থাকা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয় এবং প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করতে বলা হয়। এবিসি নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিনা ওয়াং ও সিবিএস রিপোর্টার অ্যারন নাভারো জানিয়েছেন, তারা মাঠের বাইরে থেকে একের পর এক গুলির শব্দ শুনে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের দ্রুত ও পেশাদার পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, হামলাকারীর অতীত ছিল সহিংসতায় ভরা। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার ঠিক এক মাস পরেই নতুন এই ঘটনা ঘটলো।

এ সংক্রান্ত আরও সংবাদ