রামিসা হত্যাকাণ্ডে এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

রামিসা হত্যাকাণ্ডে এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:-প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করবে না। তিনি বলেন, রাজধানীর মিরপুরে নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড দেশের মানবিক ও সামাজিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন,
“রামিসা হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। আগামী এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে। যাতে ভবিষ্যতে কেউ শিশু বা নারীর ওপর এমন নৃশংসতা চালানোর সাহস না পায়।

প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধের পুনর্জাগরণ প্রয়োজন।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শের প্রসঙ্গ তুলে বলেন, সমাজে মানবতা, সাম্য ও ন্যায়ের চেতনা পুনঃপ্রতিষ্ঠায় নজরুলের দর্শন আজও অত্যন্ত প্রাসঙ্গিক।

রামিসা হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী রাজধানীর পল্লবীতে নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রোববার বিকেলের মধ্যেই রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

ত্রিশালের দরিরামপুরে নজরুল একাডেমি মাঠে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় জন্মবার্ষিকী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ