ঢাকা ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে ঘিরে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছ থেকে বিস্ফোরকসদৃশ জিলেটিন স্টিক উদ্ধার হওয়ার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১০ মে মোদির সফরের আগে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বেঙ্গালুরুর উপকণ্ঠ কাগালিপুরা এলাকায় একটি ফুটপাথের পাশে দুটি জিলেটিন স্টিক পাওয়া যায়। ঘটনাস্থলটি মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। দ্রুত সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ফরেনসিক দল মোতায়েন করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক কীভাবে সেখানে এলো এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বেঙ্গালুরু দক্ষিণ (রামনগর) থানার পুলিশ সুপার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জিলেটিন স্টিক সাধারণত খনি, নির্মাণকাজ ও পাথর ভাঙার কাজে ব্যবহৃত নিয়ন্ত্রিত বিস্ফোরক। তবে প্রধানমন্ত্রীর সফরপথের কাছে এমন বিস্ফোরক উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় কর্ণাটক বিজেপি সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে এটিকে “বড় নিরাপত্তা ব্যর্থতা” বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত অনুসন্ধান শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।