ঢাকা ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২
এমবাংলা নিউজ ডেস্ক: আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। তার বাড়ি সিলেটে।
আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মেহেদী হাসান সরাসরি অংশ নিয়েছিলেন। তিনি এ মামলার আসামি।
এর আগে রোববার (২০ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। সেদিন দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পলাতক দুই আসামি হলেন, মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।
রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজির করা হয়েছিল। হাজিরা শেষে হাজতখানায় নেয়ার পথে এ ঘটনা ঘটে।
এরপরই পুলিশ সদর দফতরের একজন ডিআইজিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।