“আধা ভালোবাসা, আধা ফাঁকি গণভোটে জামায়াতের রাজনীতি-আইনমন্ত্রী 

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

“আধা ভালোবাসা, আধা ফাঁকি গণভোটে জামায়াতের রাজনীতি-আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক ঢাকা হান্ট:-জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদ সংক্রান্ত কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। তিনি এ অবস্থানকে আখ্যা দিয়েছেন “আধা প্রেম, আধা প্রতারণা” হিসেবে।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধী দল তাদের লিফলেটে কেন সংস্কার প্রয়োজন—তা ব্যাখ্যা করতে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এসব পয়েন্টের কোথাও জুলাই সনদের কোনো উল্লেখ পাওয়া যায় না।
আইনমন্ত্রী আরও বলেন, “গণভোট নিয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছে, তা মূল জুলাই সনদ থেকে বিচ্যুত। এটি সংবিধানের সঙ্গে প্রতারণা, আইনের সঙ্গেও প্রতারণা। ৩৩টি রাজনৈতিক দল যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল, সেই সনদের কোনো নাম-নিশানাও এই লিফলেটে নেই।”
তিনি উল্লেখ করেন, গণভোটে মোট চারটি প্রশ্ন ছিল। এর মধ্যে সাড়ে তিনটি প্রশ্নে বিএনপির কখনোই আপত্তি ছিল না। কিন্তু অবশিষ্ট ‘অর্ধেক প্রশ্ন’ নিয়েই তৈরি হয়েছে এই দ্বৈত অবস্থান—যাকে তিনি বলেন, “আধা প্রেম, আধা প্রতারণা।”
ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “এই সংসদ এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত। একই সঙ্গে ১৯৯০ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাই।”
বিশ্ব রাজনীতির উদাহরণ টেনে তিনি বলেন, “আমরা দেখেছি—ফরাসি বিপ্লব, আরব বসন্ত, অরেঞ্জ বিপ্লব—প্রতিটি বড় আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছে। সেই ঐকমত্যের ভিত্তি ছিল গণ-অভ্যুত্থানের চেতনা। কিন্তু দুঃখজনকভাবে, আমরা এখন সেই চেতনার অনুপস্থিতি লক্ষ্য করছি।”