ঢাকা ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অবস্থানরত বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক রুহিন আহমেদ বর্তমানে জটিল মানবিক ও আইনি পরিস্থিতির মধ্যে রয়েছেন। ভিসার মেয়াদ শেষ হওয়া, রেসিডেন্স আবেদন প্রত্যাখ্যান এবং দেশে ফিরে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার কারণে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সাংবাদিক নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা, মানবাধিকার ও আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রম নিয়ে কাজ করে আসছেন রুহিন আহমেদ। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকারী বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার গ্রহণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম কাভার করেছেন। তার কর্মজীবনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
রোহিঙ্গা সংকট চলাকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের কক্সবাজার সফরের সময়ও তিনি মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক প্রচার-প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় রোহিঙ্গা পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিভিন্ন সংবাদ ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তিনি।
রুহিন আহমেদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বিভিন্ন ধরনের চাপ ও নিরাপত্তা শঙ্কার মুখোমুখি হন। এর পরিপ্রেক্ষিতে তিনি জর্জিয়ায় অবস্থান নেন এবং অস্থায়ী রেসিডেন্স কার্ড (TRC)-এর জন্য আবেদন করেন। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তার একটি আপিল মামলা বিচারাধীন রয়েছে। তবে ভিসার মেয়াদ শেষ হওয়া, আর্থিক সংকট এবং পর্যাপ্ত আইনি সহায়তার অভাবে তিনি অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
রুহিন আহমেদ বলেন,
“আমি নিরাপদ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তার একটি মানবিক সমাধান প্রত্যাশা করছি।
মানবাধিকার কর্মীদের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ব্যক্তির জীবন বা নিরাপত্তা ঝুঁকিতে থাকলে তাকে জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ কারণে বিষয়টি মানবিক ও আইনি উভয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
বর্তমানে রুহিন আহমেদ জর্জিয়া সরকারের কাছে মানবিক সুরক্ষা (Humanitarian Status) এবং নিরাপদ আইনি অবস্থানের আবেদন জানিয়েছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি তার আহ্বান—বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।
প্রধান সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।