ঢাকা ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬
নিউইয়র্ক প্রতিনিধি:-বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। নিজের আপন চাচাকে গুলি করে হত্যার দায়ে গনেট রোজারিও (৫৪) নামের এক প্রবাসী বাংলাদেশি-আমেরিকানকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের একটি আদালত।
বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত-এর বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গনেট রোজারিও নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। তিনি ও নিহত মাইকেল রোজারিও—উভয়েই জন্মসূত্রে বাংলাদেশি হলেও মার্কিন নাগরিক ছিলেন।
আদালতের নথি ও প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জে পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ২০২১ সালের জুন মাসে তারা দুজনই বাংলাদেশে এসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনার দিন ১১ জুন সন্ধ্যায় বাড়ির বাইরে ধূমপান করার সময় গনেট শুনতে পান, তার চাচা ঘরের ভেতর থেকে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ঘর থেকে একটি শটগান নিয়ে এসে জানালার ওপার থেকে চাচা মাইকেল রোজারিওকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তিনি চিৎকার করে বলেন, “আগামীকালের সূর্য তুমি আর দেখতে পাবে না।”
পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাইকেল রোজারিও।
মার্কিন বিচার বিভাগ মামলাটি সফলভাবে পরিচালনায় বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং ইউএস অ্যাটর্নি জে ক্লেটন এক যৌথ বিবৃতিতে বলেন, বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
তাদের ভাষায়, “অপরাধ পৃথিবীর যেখানেই সংঘটিত হোক না কেন, বিচারের আওতার বাইরে থাকার সুযোগ নেই।”
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।