ঢাকা ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটলো এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘ প্রায় দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সেই নতুন সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিজ প্লে গ্রাউন্ডে -এ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী মোদি শুভেন্দুকে অভিনন্দন জানান এবং উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস।
গত ৪ মে ঘোষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
২৯৪ আসনের মধ্যে দলটি জয় পায় ২০৭টিতে। এই জয়ের মধ্য দিয়ে প্রায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে রাজ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।
শুক্রবার বিজেপি বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন অমিত শাহ।
নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা। শুভেন্দুর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। নতুন এই মন্ত্রিসভাকে ঘিরে ইতোমধ্যে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক বিশ্লেষণ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির এই বিজয় শুধু ক্ষমতার পরিবর্তন নয়—এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক নতুন বাস্তবতার সূচনা।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।