পুলিশের প্রতিটি পদক্ষেপ রেকর্ডে রাখতে চায় সরকার, চেইন অব কমান্ড ভাঙলেই কঠোর ব্যবস্থা

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

পুলিশের প্রতিটি পদক্ষেপ রেকর্ডে রাখতে চায় সরকার, চেইন অব কমান্ড ভাঙলেই কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:পুলিশ বাহিনীর কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশের চেইন অব কমান্ড ভাঙার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শৃঙ্খলা ভঙ্গ কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আজ সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে সরকার ধাপে ধাপে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, বর্তমানে কিছু ক্যামেরা ব্যবহৃত হলেও ভবিষ্যতে সব পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহার করে তদন্ত ও অভিযানসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম রেকর্ডে সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন,“পুলিশের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা চেইন অব কমান্ড ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবাধিকার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম পরিচালনার সময় মানবাধিকার সমুন্নত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রসিকিউশন টিমকে কার্যকর সহযোগিতা দিতে পুলিশকে আরও কৌশলী ও আধুনিক পদ্ধতিতে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ