ঢাকা ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
ডেস্ক:-যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরান যে শর্ত দিয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর শুরু হওয়া যুদ্ধ থামাতে বর্তমানে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যদিও মাঝেমধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে, তবুও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ বলা যাবে না।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন,
“আমরা কখনও শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা মানেই আত্মসমর্পণ নয়।”
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৪ দফা প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরুদ্ধারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।