ঢাকা ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
অনলাইন ডেস্ক:-স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রিজভী বলেন, ‘আমাদের পরিচিতি আমরা বাংলাদেশি, এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা সীমান্তে যুদ্ধ করেছেন। কিন্তু যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছে, এদের বীরত্বের ইতিহাস নেই, শুধু আছে দালালির ইতিহাস।’
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ১৯৮৬ সালে দলটি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে গেছে। পরবর্তীতে ২০০৮ সালের পাতানো নির্বাচনে হুমকি দিয়ে বিএনপিকে অংশ নিতে বাধ্য করেছিল।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে রিপোর্টার্স ইউনিট থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জাহেদুল হক শামীম ও সহসভাপতি ড. কে এম আই মন্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :তানভীর হাসান।
ব্যাবস্থাপনা পরিচালক:মীর মোশাররফ হোসেন।